দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে পবিত্র রমজান শুরু
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে দেশব্যাপী রোজা পালন শুরু হবে।
শনিবার (১ মার্চ) দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় সেখানে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু অঞ্চলের মুসল্লিরা আজ থেকে রোজা রাখছেন।
শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে আজ বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
এ সময় তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামীকাল ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।”
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রমজান উপলক্ষে দেশের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ এশার নামাজের পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খাবেন।
পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশবাসীর প্রতি রইলো শুভেচ্ছা ও মোবারকবাদ।
