
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুতে ভেজা হৃদয় থেকে উচ্চারিত প্রার্থনায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় স্মরণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার রুহের মাগফিরাত কামনায় উপজেলায় একাধিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ি সদর ইউনিয়ন শাখার সহযোগিতায় কুঠির চন্দ্রখানা ৫ নম্বর ওয়ার্ড, দাশিয়ার ছড়া এবং ৬ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব আয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আছমা ইসলাম লাভলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের সভাপতি হালিমা বেগম, ফুলবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি অনি বেগম মহিলা দল,জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোল্লা দুলাল,এলিজ সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও আপসহীন নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
দোয়া মাহফিলে মরহুমা নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
