রাকিবুল হাসান ফরহাদ:
ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ি (সুপার ক্যারাভ্যান) প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সম্প্রচার শুরুর পূর্বে অতিথিবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই রাষ্ট্রের অগ্রাধিকার। ভোটারদের সচেতনতা বাড়াতে ভোটের গাড়ির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, নির্বাচনকালীন সময়ে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে সকল ভোটারের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠান শেষে ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী তথ্যভিত্তিক প্রচার কার্যক্রম শুরু করা হয়, যা উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।