
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেতন উত্তোলন সংক্রান্ত জটিলতার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার সিডস্টের বাজার এলাকায় অবস্থিত হামিদ টেক্সটাইল লিমিটেডের প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য গাড়ি সড়কে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে বলে জানা গেছে। ফলে বেতন জমা হলেও পুরো টাকা একসঙ্গে উত্তোলন করতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। অনেক শ্রমিক জানান, অল্প অল্প করে টাকা তুলতে গিয়ে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।
এ পরিস্থিতির প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। প্রায় ২৫ মিনিট অবরোধ চলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
