Header Image

ইসলামপুরে জমি বিরোধ হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

 

জামালপুর প্রতিনিধি :

জমি বেদখল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাডুলী ইউনিয়নে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমিয়া ফকিরের ছেলে ভুক্তভোগী রেজাউল করিম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, চিনাডুলী মৌজার ১২৭৫ নম্বর খতিয়ানের ৪৯৪৭ দাগের মোট ৪৮ শতক জমি বিআরএস রেকর্ডে বাদশা আলম, আশরাফ আলী, জিরাতন ও চিরাতন নেছা—পিতা আমিরউদ্দিন আকন্দের নামে নথিভুক্ত রয়েছে। পরবর্তীতে ১৯৮৪ ও ১৯৯০ সালে বাদশা আলম ও আশরাফ আলীর কাছ থেকে তাদের নিজ নিজ অংশ সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন লালমিয়া গংরা। এরপর থেকে তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রেখে আসছেন।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রতিপক্ষ হইবর গংরা তাদের নিজস্ব ১৬ শতক জমি না নিয়ে লালমিয়া গংদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে স্থানীয় সুধীজনের উদ্যোগে একাধিকবার সালিস বৈঠক হলেও প্রতিপক্ষ সেখানে উপস্থিত না হয়ে তা অমান্য করে এবং পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালায়।

অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ এ ঘটনার জেরে লালমিয়া গংদের ওপর হামলা চালানো হয় এবং তাদের মারধর করা হয়। একই সঙ্গে জমি জবরদখল করে উল্টো লালমিয়া গংদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, নাগরিক টিভির জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, দৈনিক আলোকিত সকালের রফিকুল ইসলাম রঞ্জু, গণমুক্তির ফারুক আল আজাদ বকুল, দৈনিক সংগ্রামের মনির হোসেন, মফিজ, মাই টিভির মাইনুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!