
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় প্রায় তিন বছর ধরে জমিতে চাষাবাদে বাধা ও জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান লাভলুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চিনারচর গ্রামের মোছাঃ রওশনারা বেগম পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ৯৩ শতাংশ ফসলি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে প্রায় তিন বছর ধরে একই গ্রামের কামরুজ্জামান লাভলুর নেতৃত্বে একটি পক্ষ ওই জমিতে তাকে চাষাবাদ করতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার লোকজন নিয়ে জমিতে হালচাষ করতে গেলে কামরুজ্জামান লাভলুসহ ওবায়দুল ইসলাম, জুবাইদুল ইসলাম, হামিদুল ইসলাম ও শামসুজ্জামান সেলিম ঘটনাস্থলে এসে তাদের কাজে বাধা দেয় এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে জমিটি বেদখলের চেষ্টা করছে এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রওশনারা বেগম।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান লাভলু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে চাষাবাদে বাধা দেননি। তার দাবি, হালচাষ ও সেচের পানি দেওয়ার টাকা পরিশোধ না করায় স্থানীয় কেউ তাদের জমিতে চাষ করতে বা পানি দিতে আগ্রহী নয়।
এ বিষয়ে সেচযন্ত্রের মালিক আবুল কালাম বলেন, কামরুজ্জামান লাভলু তাকে ওই জমিতে পানি দিতে নিষেধ করেছেন। তাদের মধ্যে বিরোধ থাকায় লাভলু তাকে সেখানে সেচ না দিতে বলেছেন।
