Header Image

ঈদকে সামনে রেখে কুড়িগ্রামে মানবিকতার জোয়ার—১,০০০ অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়ে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন অনেক অসহায় পরিবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে ১,০০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ এলাকায় মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির হয়ে উঠেছে।

শুক্রবার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ অংশগ্রহণ করেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। তারা এ ধরনের উদ্যোগকে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক পরিবারই এই সহায়তার মাধ্যমে ঈদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পেরেছে, যা তাদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজার রহমান (লিটন) এবং প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ সাদেকুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম ঘোগাদহ এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা আরও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!