
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ থেকে আব্দুর রহমান নামে এক নওমুসলিম যুবককে অপহরণের ৫ ঘণ্টার পরে ভালুকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের সামনে থেকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। আব্দুর রহমান (পূর্বের নাম শঙ্কর চন্দ্র দাস), যিনি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শঙ্কর চন্দ্র দাস এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান নাম ধারণ করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে তার প্রথম স্ত্রী রিয়া রাণি বর্মন জেলা লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক অভিযোগ দায়ের করলে আজ দুপুরে সেই মামলার শুনানিতে হাজিরা দিতে আসেন আব্দুর রহমান। হাজিরা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা একদল লোক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপহরণের সময় তার প্রথম স্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ময়মনসিংহ সদর থানা পুলিশ তাৎক্ষণিক তৎপরতা শুরু করে এবং পার্শ্ববর্তী ভালুকা থানায় বার্তা পাঠায়। পরে পুলিশি তৎপরতায় সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজার রায় মার্কেটের পাশ থেকে অপহৃত আব্দুর রহমানকে ভালুকা মডেল থানা পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অপহরণের সংবাদটি পাওয়ার পরে ভালুকা মডেল থানা পুলিশ সম্ভব্য স্থানে অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজার রায় মার্কেটের পাশ থেকে ভিকটিম আব্দুর রহমানকে উদ্ধার করা হয়। পরে নিরাপদ ও হেফাজতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
