আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা মোফাজ্জল হায়দার।
মোফাজ্জল হায়দার ২নং মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, থানা ছাত্রদলের সাবেক সদস্য এবং সাবেক যুবদল নেতা। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণও করেছেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারপত্রে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। সেখানে তিনি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোফাজ্জল হায়দার বলেন, “প্রতিনিধি নয়, সেবক হিসেবে মেদুয়ারী ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মী এবং ইউনিয়নবাসীর সমর্থনকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেদুয়ারী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। মোফাজ্জল হায়দারের প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।