
বার্নার্ড সরকার, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পূর্বের শত্রুতার জেরে মঞ্জুরুল হক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি গত ২৬ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৪নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া গ্রামে (বন্ধ ওশান এলাকায়) ঘটে।
নিহত মঞ্জুরুল হক (পিতা: মৃত মোঃ আঃ মোতালেব) ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন মঞ্জুরুল হককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বজন মোঃ নুরুল হকসহ এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বিবাদী পক্ষের মোছাঃ রেজিয়া খাতুন অভিযোগ করে বলেন, ঘটনার পর গত বুধবার দিবাগত রাতে বাদী পক্ষের লোকজন তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বাড়িতে থাকা সোনা-দানা, নগদ টাকা, ধান-চাল, হাঁস-মুরগি লুটপাট করা হয় এবং সর্বশেষ ছোট-বড় মিলিয়ে মোট ১২টি গরু নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
