
আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলার সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ময়মনসিংহ কেবি আই রোড – চকবন পাথালিয়া আউলিয়ার বাজার পর্যন্ত রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে এলাকাবাসীকে মানবতার পরিচয় দিয়েছেন ইউপি সদস্য আজিজুল হক ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রুনা বেগম আদুরী।
প্রায় ২কিলোমিটার দৈর্ঘের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি গত ২০০৪সালে সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর আমলে পাকা করণ করা হয়েছে। এর পর থেকে উন্নয়নের ছোয়া বঞ্চিত হওয়ায় বর্তমানে রাস্তাটি জন ও যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাবখালী ইউনিয়নের পীরে কামেল দরবেশ শাহ্ নেওয়াজ আলী ফকিরের মাজার,স্কুল,মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের মানুষের চলাচল ও যোগাযোগের একমাত্র এই রাস্তাটি এখন চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষের।
জনগণের ভোগান্তি নিরসনে রাস্তাটি মেরামতে বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করে ব্যর্থ হয়ে অবশেষে গ্রামের তরুণ,যুব সমাজকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ও রাস্তা নির্মাণে ৪০হাজার টাকা নিজ অর্থায়নের অনুদান দিয়ে মেরামত কাজ উদ্ভোধন করে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ও নারী ইউপি সদস্য রুনা বেগম আদুরী দেখিয়ে দিয়েছে মানবসেবা করার ইচ্ছা ও দেশপ্রেম থাকলে নিজেরাই এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব।
মেম্বার আজিজুল হক জানায়- গফঁরগাও- ময়মনসিংহ রোডের ভাবখালী তোড়ার মোড় হইতে চকবন পাথালিয়া আউলিয়ার বাজার পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪-৫টি গ্রামের মানুষ চলাচল করে । গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটা গত ২০০৪ সালে পাকা করণের পর থেকে দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ে।সবার কাছে আবেদন নিবেদন করে কোন সুরাহা না পেয়ে এলাকার যুব সমাজ ও এলাকাবাসীকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে সকলের সহযোগীতায় নিজেরাই তা সংস্কার করতে ঐক্যবদ্ধ হয়েছি। সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রুনা বেগম আদুরীর স্বামী জুয়েল মিয়া বলেন- এলাকার মানুষের প্রতি ভালোবাসার টানে কাজ করতে আমরা সবাই অঙ্গিকারাবদ্ধ হই। তাই কোদাল, দা,সাবল নিয়ে কাজে নেমেছি সম্মিলিত ভাবে। প্রায় ২ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়।এখানে মুখ্য ভূমিকা ছিলো নারায়নপুর গ্রামের যুব সমাজ ও গন্যমান্যদের ।আর এই মহতি উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক। কাজের জন্য সবাই সম্মিলিত ভাবে নিজেরাই চাঁদা দিয়ে ইট সুরকি,বালু ক্রয় করা হয়েছে।
তাদের এ সুন্দর কাজটি করে তারা আত্মতৃপ্তি পেয়েছে বলে এ প্রতিবেদকের কাছে জানান নেতৃত্বদানকারী মেম্বার আজিজুল হক,রুনা বেগম আদুরী, আদুরীর স্বামী জুয়েল মিয়া। তারা বলেন আমরা মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত এলাকা গড়তে কাজ করে যাবো, “দশে মিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ।” এটাই আমাদের মূলমন্ত্র।
এলাকাবাসী ও পথচারী এবং বিভিন্ন যানবাহনের ড্রাইভারগণ তাদের কাজের ভুয়সী প্রশংসা করেন।সারা দেশের তরুণ ও যুবারা এমন দেশপ্রেম দেখিয়ে নিজ নিজ এলাকায় সমাজসেবা ও জনদূর্ভোগ লাগবে কাজ করবে বলে সবাই আশাবাদী। নারায়নপুর গ্রামের এসব কাজ সারাদেশে রোল মডেল হলে দেশ এগিয়ে যাবে বলে গণ্যমান্যদের অভিমত।
