ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের উপজেলা রিসোর্স সেন্টারে নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ ওরিয়েন্টেশন কোর্সে ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার নবযোগদানকৃত মোট ৩৭ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে বরণ করে নেন ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে নবযোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ওরিয়েন্টেশন কোর্সে ফুলবাড়িয়া উপজেলার ১৯ জন এবং মুক্তাগাছা উপজেলার ১৮ জন নবযোগদানকৃত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এ সময় ফুলবাড়িয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশাররফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।