সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা সাব-রেজিস্ট্রার বলতেই সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল প্রাইভেট কার, ভিআইপি প্রটোকল আর জাঁকজমকপূর্ণ চলাফেরার চিত্র। তবে প্রচলিত সেই ধারণাকে পাল্টে দিয়ে সাদামাটা জীবনযাপন ও নিরহংকার আচরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব মোঃ রফিক ইসলাম।
২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়েও তিনি কোনো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না। প্রতিদিন সকাল ১০টার আগেই সাধারণ যাত্রীদের মতো লোকাল সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি কর্মস্থলে পৌঁছান। সিএনজি স্টেশনে নেমে আর দশজন সাধারণ পথচারীর মতোই হেঁটে অফিসে যান। প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই যে, সাধারণ পোশাকে হেঁটে চলা এই মানুষটিই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সর্বোচ্চ কর্মকর্তা।
সারা দিন দলিল লেখক, জমিদাতা ও গ্রহীতাদের সেবা প্রদান এবং দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পন্ন করে সন্ধ্যার পর আবারও একইভাবে সাধারণ যাত্রী হয়ে সিএনজিতে চড়েই নিজ গৃহে ফেরেন তিনি। অথচ ইচ্ছা করলেই অফিসের সামনে তাঁর জন্য গাড়ি প্রস্তুত থাকতে পারত। কিন্তু ক্ষমতার দাপট বা আভিজাত্য নয়, বরং সাধারণ মানুষের কাতারে মিশে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তাঁর এই ব্যতিক্রমী ও নির্লোভ চলাফেরা বর্তমানে ধোবাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা, দলিল লেখক ও বিভিন্ন পেশাজীবী মানুষের বিবেকে নাড়া দিয়েছে তাঁর এই সাধারণ জীবনযাপন। এলাকাবাসীর মতে, একজন সরকারি কর্মকর্তার এমন নিরহংকার আচরণ ও সময়ানুবর্তিতা বর্তমান সমাজে বিরল।
ধোবাউড়ার জনমনে এক অনুকরণীয় ইতিহাস হয়ে থাকবে সাব-রেজিস্ট্রার মোঃ রফিক ইসলামের এই সাদামাটা পথচলা। একজন ক্ষুদ্র গণমাধ্যমকর্মী হিসেবে তাঁর এই ব্যতিক্রমী ও সাবলীল জীবনযাপনের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।