ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাজহারুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে ছড়ানো বিভিন্ন প্রচারণাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জড়িয়ে একটি রাজনৈতিক কার্যালয় দখলের অভিযোগে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম ক্রয়সূত্রে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। পরবর্তী সময়ে তাঁর ভাতিজা পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল সেখানে পৌর যুবলীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন।
মাজহারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। মোস্তাফিজুর রহমান মামুন ওই জমির মালিকানা দাবি করলে জমির বৈধ মালিকানার দলিল কিংবা ভাড়ার চুক্তিপত্রসহ হাজী মো. রফিকুল ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ভালুকার সচেতন মহল ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রতি কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।