রাজশাহী মহানগরীর বেলপুকুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে বেলপুকুর গোলচত্বর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) এসআরবি-৫, রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা জানতে পারেন, নাটোর থেকে রাজশাহীগামী একটি পিকআপে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে।
পরে চেকপোস্টে নেভি-ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় আভিযানিক দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়।
পরে গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ থানার প্রতাপী গ্রামের মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং সদর থানার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।
এসআরবি জানায়, উদ্ধার করা গাঁজার প্রতি কেজির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সে হিসাবে মোট বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।