ময়মনসিংহের ভালুকায় বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী সুনিভার্স ফুটওয়্যার (জুতা ফ্যাক্টরী) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত সাইফুল ইসলাম নিজেকে বি এনপির নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজাস্থিত (এসএ ৮৪০ নম্বর দাগে) দক্ষিণ হবিরবাড়ী এলাকার সুনিভার্স ফুটওয়্যার সংলগ্ন এলাকায় সাইফুল ইসলাম ও তার লোকজন জমি জবরদখল করে দ্রুতগতিতে ইটের দেয়াল গেঁথে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। জমির প্রকৃত মালিক রুহুল আমিন বাধা দিতে গেলে সাইফুল ইসলাম নিজেকে বি এনপির নেতা দাবী করে প্রভাব খাটান। তিনি জোরপূর্বক রাজমিস্ত্রি ও শ্রমিক লাগিয়ে ইট-বালু দিয়ে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
রুহুল আমিন আরও জানান, এ ঘটনার আদালতের দ্বারস্থ হলে আদালত ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা (নিষেধাজ্ঞা) জারি করেন। কিন্তু আদালতের নির্দেশনাকে তোয়াক্কা না করে, ক্ষমতার দাপট দেখিয়ে সাইফুল ইসলাম ও তার লোকজন এখনো দেদারসে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
তবে সাইফুল ইসলাম দাবি করেন, তার দখলীয় জমি সরকারি খাস সম্পত্তি তিনি অন্য কারো জমি দখল করেননি। আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বিএনপির কর্মী দাবী করেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান আদালতের নিষেধাজ্ঞার কাগজ সহ তাদেরকে কাজ না করতে নিষেধ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আদালতে নির্দেশ পাওয়ায় কাজ বন্ধ করতে বলা হয়েছে।