ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তৃতীয় দিনে পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিজমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বাড়ির পাশে গাছের নিচে পড়ে থাকা পাকা তাল কুড়াতে যাওয়ার কথা ছিল তাঁর। বুধবার সকালে পরিবারের সদস্যরা আব্দুল মালেককে খুঁজতে বের হন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাঁর ছেলে বাবার মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মো. আকরাম বলেন, ‘আমার চাচা দুই দিন আগে তাল কুড়াতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজছিলেন। আজ সকালে তাঁর ছেলে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’