ময়মনসিংহের ধোবাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলমান রয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ কার্যক্রম ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ধোবাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।