“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুলবাড়িয়া উপজেলা সদরের ফুলবাড়িয়া প্রেসক্লাব কার্যালয় মোড় থেকে শিবগঞ্জ রোডের পান্নাপাড়া এলাকায় সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন লিডার, আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা সম্মিলিতভাবে মোট ১ হাজার ১৮০টি তালবীজ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।