জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে ভবানীপুর ইউনিয়নের টানপাড়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে এলাকার সুয়াইতবিলের পাড়,আটানী মোড়,ও রাতে জামতলীর ধর্মসভায় উপস্থিত হন।সকালে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সালাম বিনিময়, কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আমি এলাকার মানুষের সেবা করতে এসেছি, লুটপাট করে খাওয়ার জন্য আসিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভবানীপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের অধিকার ও প্রাপ্য সম্মান রক্ষা করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নের উন্নয়নের জন্য সরকারিভাবে লাখ লাখ টাকা বরাদ্দ আসে। এসব বরাদ্দের প্রতিটি টাকা জনগণের আমানত। সেই টাকা যথাযথভাবে উন্নয়নকাজে ব্যয় করতে হবে। জনগণের হক আত্মসাৎ কিংবা উন্নয়নের অর্থ লুটপাট করে খাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের প্রাপ্য অর্থের অপব্যবহার হলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চেয়ারম্যানের দায়িত্ব কোনো ভোগের জায়গা নয়, এটি জনগণের কাছে জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাজ করতে চান তিনি।
অধ্যক্ষ সিদ্দিকুর রহমান আরও বলেন, আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। আমি ভবানীপুরের সব মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।
এ সময় মোঃ সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম,আকি বিল্লাহ,আঃআজিজ রেজাউল করিম সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।