ময়মনসিংহের ভালুকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চালকদের সাথে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ভরাডোবা স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার উথুরা, মেদুয়ারী, ভরাডোবা ও ধীতপুর ইউনিয়নের কয়েক শতাধিক সিএনজি, অটোরিকশা ও ভ্যান চালক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চালকরা সড়কে চলাচলের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনার বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু চালকদের বক্তব্য শোনেন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান ।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কমান্ডার, খালেক পাঠান, সদস্য আব্দুর রহিম আকন্দ, মফিজুল ইসলাম দুলু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।