ময়মনসিংহের ভালুকায় আঁখি আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ করেছেন আঁখি আক্তারকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে জাহিদুল ইসলাম পাশের কাশিগঞ্জ এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যেতে চাইলে আঁখি তাঁকে নিষেধ করেন। পরে প্রস্রাব করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওয়াজ মাহফিলে চলে যান জাহিদুল। মঙ্গলবার ভোর ছয়টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে আঁখির ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে জাহিদুল নিজেই মরদেহটি নামিয়ে বাড়ির অন্য সদস্যদের ডাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় আঁখির গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান বলে জানা গেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করা হয়।
নিহতের বাবা চান মিয়া অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে জাহিদুল হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছেন। মেয়ের গলায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার সকালে তাঁরা আঁখির মৃত্যুর খবর পান। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, জাহিদুল মাদকাসক্ত। এ কারণে আগেও মেয়েকে স্বামীর বাড়িতে যেতে নিষেধ করেছিলেন। তিনি মেয়ের হত্যার বিচার দাবি করেন।
পুলিশ জানিয়েছেন, প্রায় এক বছর আগে আঁখি ও জাহিদুলের বিয়ে হয়। আঁখির বাবার বাড়ি একই উপজেলার রান্দিয়া গ্রামে বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।