ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা. মোছা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।